হানিট্র্যাপে তথ্য পাচার, ভারতীয় নৌ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৪ অক্টোবর): পাকিস্তানের একটি গোয়েন্দা নেটওয়ার্কের কাছে নৌবাহিনীর সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে ভারতের এক নৌসেনা সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ৩১ বছর বয়সি ওই কর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিট্র্যাপের শিকার হয়ে অতি গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে।

ধৃত এই নৌসেনার নাম প্রদীপ মুখার্জি। ৩ অক্টোবর তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণ কেন্দ্র ‘আইএনএস অগ্রাণী’ থেকে তাকে আটক করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল।

মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ, গ্রেপ্তারের সময় কোয়েম্বাটোরের ওই কেন্দ্রে ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিলেন। সেখানে তিনি প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে কর্মজীবন শুরু করেন প্রদীপ। পরবর্তীতে তাকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমভিত্তিক কৌশলগত গুরুত্বপূর্ণ ইস্টার্ন নেভাল কমান্ডে নিযুক্ত করা হয়।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, বেশ কিছুদিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রদীপের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে ধীরে ধীরে তাদের মধ্যে একটি অনলাইন সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের আড়ালেই কৌশলগত নৌসম্পদ, যুদ্ধজাহাজ ও নৌবহরের গতিবিধি এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সীমান্তপারের গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদ দমনে কাজ করা বিশেষায়িত সিআই সেল ওই নৌকর্মীর সন্দেহলিপি ডিজিটাল কার্যক্রম ও অনলাইন গতিবিধি ট্র্যাক করার পর প্রাথমিক সত্যতা পায়। এরপর তাকে নিবিড় নজরদারির আওতায় রেখে দীর্ঘ তদন্তের পর এই গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ