প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ অক্টোবর): বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আরও জানান, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং অভিবাসন খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি আগামী দিনে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
এ সময় দুই দেশের মধ্যকার সুসম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে আশাবাদ ব্যক্ত করা হয়।
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
