বিমানবন্দর বিশৃঙ্খলায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ অক্টোবর): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি দায়িত্বে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে গত শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে সরকারি কর্মকর্তার কর্তব্য পালনে বাধা, হুমকি এবং আঘাত করার মাধ্যমে স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরলেও আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত এই আদেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৩৩৮) থেকে যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট তৈরি হয়। লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে পরিস্থিতি দেখতে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে এগিয়ে যান এবং প্রকাশ্যে হুমকি দেন।

এদিকে, এই ঘটনার পর এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আখতারুজ্জামানের মুক্তি দাবি করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, আখতারুজ্জামান গত ১ অক্টোবর ওমরাহ পালন শেষে বিমানবন্দরে পৌঁছানোর পর অন্যান্য যাত্রীদের মতোই হয়রানি ও ভোগান্তির শিকার হন এবং তারই প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এবং ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি পরাজিত হন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

মনোয়ারুল হক/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ