যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ নিয়ে চীন-ভারতের আগ্রহ বেশি

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ অক্টোবর): রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার মন্তব্য করেছেন যে, বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে চীন ও ভারতের যতটুকু আগ্রহ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক ততটুকু নেই। এছাড়া চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কখনোই বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি মনে করেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের সেশনে এক প্রশ্নের জবা‌বে এ অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেন তি‌নি।

অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন উল্লেখ করেন, বাংলাদেশ কেন্দ্র করে প্রধান শক্তিগুলোর স্বার্থের ক্ষেত্রে বেশ কিছুটা ভারসাম্যহীনতা বিদ্যমান। তাদের নিজেদের পারস্পরিক প্রতিযোগিতার কারণেই বাংলাদেশ নিয়ে চীন কিংবা ভারতের আগ্রহের মাত্রা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। বিশেষ করে বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের ক্ষেত্রে চীনের নিকট যে পরিমাণ আর্থিক সম্পদ ও সক্ষমতা রয়েছে, যুক্তরাষ্ট্রের তা নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মহলে একটি ধারণা প্রচলিত রয়েছে যে, এ দেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র ভূরাজনৈতিক প্রতিযোগিতা চলছে। তবে বাস্তবে তিনি নিজে এমন কোনো প্রতিযোগিতার অস্তিত্ব দেখতে পাননি। বরং এই দৌড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে পিছু হটে যাওয়া বা আগ্রহ হারিয়ে ফেলাটাই তার কাছে স্পষ্ট প্রতীয়মান হয়।

অন্য একটি প্রশ্নের উত্তরে অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক স্থাপন প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই থামাতে পারবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইতিপূর্বেই আমরা স্পষ্ট শুনতে পেয়েছি যে, বাংলাদেশ তার নিজস্ব জাতীয় স্বার্থের জন্য যা সবথেকে বেশি উপকারী, সবসময় সেটাই করবে।

এদিকে, ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানান, এ বিষয়ে তাদের নির্দিষ্ট আগ্রহ রয়েছে বলে তিনি মনে করেন। তবে তিনি বর্তমানে তুর্কি সরকারের দায়িত্বে না থাকায় এবং একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক হওয়ায় কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তা সত্ত্বেও তিনি নিশ্চিত করেন যে, এই বিষয়ে বাংলাদেশের সুস্পষ্ট আগ্রহ রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ