নির্বাচিত সরকারকে জনগণের চাহিদা পূরণে পদক্ষেপ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ অক্টোবর): জনগণের ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা ও চাহিদা দ্রুত এবং কার্যকরভাবে পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি উল্লেখ করেন, জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে নিজ দায়িত্বে নিয়োজিত আছেন। দীর্ঘ পাঁচ বছর পর তাদেরকে আবারও জনগণের সামনে পরীক্ষা দিতে হবে। সুতরাং, জনগণের যথাযথ সেবা নিশ্চিত করা এবং নিজেদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করা এই নির্বাচিত সরকারের নৈতিক ও প্রধান দায়িত্ব।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধি উভয়ের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। আমাদের সীমিত সম্পদকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগিয়ে দ্রুততার সঙ্গে সব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে সৌরবিদ্যুৎ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউনিয়ন ও উপজেলা পরিষদ ভবনের ছাদের পাশাপাশি গ্রামীণ এলাকার বিভিন্ন বাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। দিনের বারের অতিরিক্ত সৌর বিদ্যুৎ ব্যাটারিতে জমা করে রাতে তা ব্যবহার করা সম্ভব হলে জাতীয় গ্রিডের ওপর আমাদের নির্ভরতা অনেকটাই কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী তৃণমূল পর্যায়ে সরকারি সব সেবা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি জানান, যেকোনো পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার সততা এবং কর্মদক্ষতাকেই প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি, মাঠ প্রশাসনের সব কর্মকর্তাকে নিজ কর্মস্থলকে নিজেদের এলাকা মনে করে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

উক্ত সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ড. রফিকুল ই মোহামেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব আবদুল খালেক এবং বিদ্যুৎ সচিব মিজ মিরানা মাহরুখসহ সরকারের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া দেশের সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসকরাও এই সভায় অংশ নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ