আইফোন নিয়ে হারিয়ে যাওয়া অপ্রতিমের মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৯ সেপ্টেম্বর): বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তোলার উদ্দেশ্যে ঘর বের হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ থাকা সপ্তম শ্রেণি পড়ুয়া পুত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড় এলাকায় লালমাই পাহাড়ের পাদদেশ থেকে অপ্রতিমের মরদেহটি উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আব্দুল হাকিম। একই সঙ্গে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
পরিবারের তথ্য অনুযায়ী, এর আগের দিন অর্থাৎ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছিল না।
নিহত অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্র ছিল। সন্তান নিখোঁজের ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কোটবাড়ি এলাকার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পরিবারের ভাষ্যমতে, সদর দক্ষিণের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোনটি হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে ঘর থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজন ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, শিশুটির নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় একটি জিডি করেছিলেন। পরবর্তীতে শনিবার দুপুরের দিকে সালমানপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, শিশু প্রীতম হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনা আমাদের সবাইকে কাঁদিয়েছে। এ হত্যার ঘটনায় ইতোমধ্যে আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু এটি একটি স্পর্শকাতর ঘটনা, তাই আমরা সবকিছু এখনই খুলে বলতে চাচ্ছি না। প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে মিডিয়ার মাধ্যমে সবকিছু বিস্তারিত জানানো হবে।
মনোয়ারুল হক/
