নায়ক সালমান শাহের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ সেপ্টেম্বর): নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের রূপালী ভুবনে এক দারুণ ঝড় তুলেছিলেন চিত্রনায়ক সালমান শাহ। কর্মজীবন খুব দীর্ঘ না হলেও আজও দর্শকের মনে তার প্রতি ভালোবাসার রেশ অমলিন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে এই জনপ্রিয় নায়কের অকাল প্রয়াণে গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই যে শূন্যতার সৃষ্টি হলো, তা আজও পূরণ হয়নি এবং ভবিষ্যতে কখনো পূরণ হওয়ার নয়। কারণ সালমান শাহ শুধু একজন সাধারণ অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন একটি বিশেষ সময়, গভীর আবেগ এবং বিশুদ্ধ প্রেমের প্রতীক। স্বল্প সময়ের জন্য রূপালী পর্দায় পা রাখলেও রাতারাতি তিনি বাংলার সিনেমার ফ্যাশন ও স্টাইল আইকনে পরিণত হন। তার সেই সময়ের দীপ্তি আজও একটুও ম্লান হয়নি, বরং কালের পরিক্রমায় তার জনপ্রিয়তা যেন আরও তীব্র হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলা চলচ্চিত্রের চিরসবুজ এই নায়কের জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার মূল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। পরবর্তীতে ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ‘সালমান শাহ’ নামে ঢাকাই সিনেমায় তার অভিষেক ঘটে। আজও দেশের তরুণ প্রজন্মের কাছে তিনি এক পরম আইকন ও অনুকরণীয় ব্যক্তিত্ব।
সুপারস্টার হয়ে ওঠার আগে ছোটপর্দার মাধ্যমেই অভিনয়ে পা রেখেছিলেন সালমান শাহ। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘আকাশ ছোঁয়া’ নাটকের হাত ধরে শুরু হয় তার অভিনয় যাত্রা। এর পর তিনি একে একে অভিনয় করেন ‘দেয়াল’ (১৯৮৫), ‘সব পাখি ঘরে ফেরে’ (১৯৮৫), ‘সৈকতে সারস’ (১৯৮৮), ‘নয়ন’ (১৯৯৫) এবং সর্বশেষ ‘স্বপ্নের পৃথিবী’ (১৯৯৬) নাটকে।
‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে সাফল্যের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে সাকুল্যে ২৭টি সিনেমায় অভিনয় করেই তিনি আকাশছোঁয়া খ্যাতি অর্জন করেন। এর মধ্যে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি ছিল সবচেয়ে বেশি দর্শকনন্দিত। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাসে অনেকের মতেই এই জুটির জুড়ি মেলা ভার। তারা একসঙ্গে মোট ১৪টি চলচ্চিত্রে কাজ করেছিলেন।
তার স্মরণীয় ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর তালিকায় রয়েছে ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রবাসীর’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি।
উল্লেখ্য, রূপালী জগতে আসার আগে স্কুলজীবনে বন্ধুদের আড্ডায় গায়ক হিসেবেই পরিচিত ছিলেন সালমান শাহ। এমনকি ১৯৮৬ সালে রাজধানীর ছায়ানট থেকে পল্লিগীতিতে পাসও করেছিলেন তিনি। পরবর্তীতে নাটকের মাধ্যমে অভিনয়ে প্রবেশ করে তিনি চিরতরে জায়গা করে নেন কোটি ভক্তের হৃদয়ে।
মনোয়ারুল হক/
