অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ সেপ্টেম্বর): দেশের বিভিন্ন মন্ত্রণালয় পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমগুলোকে একটি সুসংহত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদানের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় এবং বৈশ্বিক শ্রমবাজারের বর্তমান চাহিদার কথা মাথায় রেখে দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মনে করেন।

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় বৈঠকে সভাপতির বক্তব্যে সরকারপ্রধান এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের বরা୍দ দিয়ে এ তথ্য জানা গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা মেটাতে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে এনএসডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈশ্বিক বাজারে বাংলাদেশের দক্ষ কর্মীর চাহিদা বাড়ানোর ক্ষেত্রেও এটি একটি কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজের দক্ষতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রচুর প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকলেও সঠিক সমন্বয় না থাকায় সেগুলোর সুফল পুরোপুরি মিলছে না। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের তরুণরা অর্জিত সনদের কাঙ্ক্ষিত মূল্যায়ন ও স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে।

প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে একটি ছোট কমিটি গঠন করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ওপর জোর দেন। একইসঙ্গে অভিন্ন সিলেবাসের মাধ্যমে প্রশিক্ষণ ও সনদ দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

উক্ত বৈঠকে এনএসডিএর প্রশাসনিক রূপরেখা, জনবলকাঠামো এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

এছাড়াও জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ও কৌশলপত্র প্রণয়ন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি, বিভিন্ন খাতের চাহিদার হিসাব এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রশিক্ষণের মান বৃদ্ধি, সনদ প্রদান এবং পারস্পরিক সনদের স্বীকৃতির বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এছাড়া বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ