জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ আগস্ট): জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদমাধ্যমের অবদান কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। পাশাপাশি, বিগত প্রায় দীর্ঘ ১৭ বছর ধরে গণমাধ্যমের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে হাত বেঁধে রাখা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আন্দালিভ রহমান পার্থ বলেন, গত কয়েক বছরে দেশের সব বিভাগেই নৈতিক অবক্ষয় হয়েছে এবং সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে দেশকে নতুন এক অভিযাত্রায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সবাইকে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের সংশ্লেষকদের সমন্বয়ে একটি টিম হিসেবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন নতুন এই মন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ