স্বামী ব্যারিস্টার তোফীক নাওয়াজের দাফন শেষে কারাগারে দীপু মনি
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ আগস্ট): সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনির স্বামী, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তোফীক নাওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
শেষ বিদায়ের এই সময়ে উপস্থিত ছিলেন ডা. দীপু মনির দুই সন্তান, পরিবারের অন্যান্য সদস্য, প্রতিবেশী এবং তার সহকর্মীরা। স্বামীর শেষকৃত্যে অংশ নিতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে ১২ ঘণ্টার জামিন পান তিনি। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে আটটার দিকে তাকে কলাবাগানের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কিছুক্ষণ স্বামীর মরদেহের পাশে অবস্থান করেন।
এরপর দুপুর ১২টায় আইনজীবী তৌফীক নাওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। সেখানে জানাজা নামাজ শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।
কারাগারে প্রত্যাবর্তন
জানাজা ও দাফন কার্যক্রম শেষে ডা. দীপু মনিকে পুনরায় প্রিজন ভ্যানে করে মুন্সিগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। বনানী থেকে বেলা তিনটা ১৫ মিনিটে রওয়ানা দিয়ে প্রিজন ভ্যানটি বিকেল পাঁচটা আটান্ন মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।
এই পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী মো এবং মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে, ডা. দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজ মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী তিনি সকল কার্যক্রমে অংশ নেন এবং পরে পুনরায় কারাগারে ফিরে যান।
মনোয়ারুল হক/
