সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ আগস্ট) : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও বিজিবির সাবেক মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি হিসেবে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম কোনো পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজি বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে ইন্টারপোলের নিয়ম অনুযায়ী রেড নোটিশ জারির ত্বরিত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত অগ্রগতির তথ্য ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখাকে নিয়মিত অবহিত করতে বলা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী জেনারেল (অব.) আজিজ আহমেদ বর্তমানে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো রাষ্ট্রে অবস্থান করছেন। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া, এই মামলায় বিদেশে লুকিয়ে থাকা অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ধরনের আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ