রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ আগস্ট) : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের রাজনৈতিক অঙ্গনে চলছে চরম ব্যস্ততা। আজ রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নির্ধারিত এই সময়ের মধ্যেই প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

সোমবার (১৭ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। যদি কোনো প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ান, তবে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৪টায় সময়সীমা শেষ হওয়ার পরপরই রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে মোট দুজন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।

একাধিক প্রার্থী মাঠে থাকায় আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পরপরই সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ