চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১৪ আগস্ট) : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক হাসপাতাল) পরিদর্শনে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজখবর নেন এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, ঘটনার পর কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। তদন্তে যা উঠে আসবে, তার ওপর ভিত্তি করেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি সরকার হিসেবে সঠিক তথ্য উদঘাটন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা প্রশাসনের মূল দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

দুর্ঘটনার আন্তর্জাতিক প্রভাব প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শিপইয়ার্ডগুলোতে গ্রিন কমপ্লায়েন্স বা পরিবেশবান্ধব নীতি বাস্তবায়নের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

তিনি আরও পরিষ্কার করেন যে, কোনো সরকার এককভাবে গ্রিন ইয়ার্ডের গ্রেডিং বা মান নির্ধারণ করে না। আন্তর্জাতিক হংকং কনভেনশনের নির্দিষ্ট নীতিমালা মেনেই ইয়ার্ডগুলোকে এই সনদ অর্জন করতে হয়। এক্ষেত্রে হংকং কনভেনশনের নীতিমালা পালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো ধরনের গাফিলতি বা কমপ্লায়েন্সের ঘাটতি ছিল কি না, তা সরকার গভীরভাবে খতিয়ে দেখবে।

উল্লেখ্য, শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের অভ্যন্তরে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এবং চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত আটজন শ্রমিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার ভয়াবহতা এবং জাহাজের ভেতর উচ্চমাত্রায় গ্যাস বিদ্যমান থাকায় উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবং ঝুঁকিপূর্ণ উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দিতে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে।

এদিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং পুরো দুর্ঘটনার কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম তদারক করতে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অর্থমন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ