জ্বালানি সংকট নিরসনে বিশেষ সংসদ অধিবেশনের ডাক বিরোধীদলীয় নেতার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ আগস্ট) : দেশের চলমান তীব্র বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এই মর্মে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়ের কাছেও প্রেরণ করা হয়।
চিঠিতে স্পষ্টভাবে তুলে ধরা হয় যে, দেশজুড়ে তীব্র জ্বালানি ঘাটতি ও লাগামহীন লোডশেডিংয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত। এর বিরূপ প্রভাবে একদিকে ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য, অন্যদিকে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। সার্বিক এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বর্তমান সংকটে নীরব দর্শকের ভূমিকা পালন না করে সংসদে অর্থবহ আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর পথ খুঁজে বের করার তাগিদ দেওয়া হয়। উদ্ভূত বহুমুখী সংকট উত্তরণে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
মনোয়ারুল হক/
