৫ কার্গো এলএনজি আমদানি করছে সরকার

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ আগস্ট) : দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসেই আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি—এই তিন ধরনের চুক্তির আওতায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। সাধারণত প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪ কার্গো দেশে এসে পৌঁছেছে এবং বাকি চালানগুলো চলতি মাসের ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ তারিখে এসে পৌঁছাবে। সব মিলিয়ে আগস্ট মাসে আমদানি করা ৯ কার্গোতে মোট এলএনজির পরিমাণ দাঁড়াবে ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।

এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার মোট পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক ‘কাতার এনার্জি’ এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ‘ওকিউ ট্রেডিং’ নিয়মিত এলএনজি সরবরাহ করে থাকে। পাশাপাশি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ওকিউ ট্রেডিং’ থেকেও এলএনজি আমদানি করা হচ্ছে।

এছাড়া সরকারের অর্থনৈতিক চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে নিয়মিতভাবে স্পট মার্কেট থেকেও অতিরিক্ত এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে সরকার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ