দিন গোনা ও লোডশেডিং ব্যবস্থাপনা ছাড়া উপায় নেই: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ আগস্ট) : ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ-এর মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত লোডশেডিং ম্যানেজমেন্ট ও দিন গোনা ছাড়া আপাতত আর কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
টার্মিনালের ত্রুটি সারানোর কাজ চলমান থাকার কথা উল্লেখ করে জ্বালানিমন্ত্রী জানান, বর্তমানে প্রকৌশলীরা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দিন গণনা এবং কাজ শেষ হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই।
এই কঠিন পরিস্থিতিতেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘কিছু ম্যানেজমেন্ট তো করতেই হবে, যেন লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকে। বিশেষ করে আমাদের মূল লক্ষ্য হলো, শিল্পকারখানাগুলোতে গ্যাস সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয়।’
তিনি আরও যোগ করেন, বর্তমান সংকট মোকাবিলায় সুশৃঙ্খল ব্যবস্থাপনা ছাড়া এই মুহূর্তে মন্ত্রীর হাতে অন্য কোনো জাদুকরী সমাধানও নেই।
ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে মন্ত্রী জানান, আগামী ২০২৯ সালের মধ্যে দেশে আরও নতুন তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ