রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ আগস্ট) : রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলটির মহাসচিব পদ থেকে পদত্যাগকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নির্বাচন কার্যালয়ে পৌঁছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের হাতে এই মনোনয়নপত্র তুলে দেন। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও সেখানে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেল। মির্জা ফখরুলের এই রাষ্ট্রপতি প্রার্থিতায় প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদের এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের হাতে মনোনয়নপত্র তুলে দেন। আনুষ্ঠানিক এই মনোনয়ন পাওয়ার পূর্বেই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন।
রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণের জন্য সেদিন সংসদের বৈঠকও ডাকা হয়েছে।
মনোয়ারুল হক/
