রাঁচিতে শিক্ষার্থীদের বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ আগস্ট) : প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝাড়খণ্ডের রাঁচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ১৭তম দিনের এই আন্দোলনে রাজ্য বিধানসভা ঘেরাও করার কথা ছিল শিক্ষার্থীদের। পূর্বঘোষিত এই কর্মসূচি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে।

সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে এসে জড়ো হন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে জেলা সীমানা ও প্রধান সড়কগুলোতে যানবাহন তল্লাশি করা হয় এবং বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো শান্তিপূর্ণভাবে বিধানসভায় পৌঁছানোর আহ্বান জানালেও কিছু শিক্ষার্থী ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন। পুলিশ জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে অনেক শিক্ষার্থীকে সেই জলের সামনেই অবস্থান নিতে দেখা যায়।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়, যা ইতোমধ্যে ছয় দফা বৈঠক করেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের দাবি, সরকার শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে এবং আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। অনিয়মের অভিযোগে সম্প্রতি জেপিএসসির চেয়ারম্যানসহ কয়েকজন সদস্য পদত্যাগও করেছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানালেও সরকার মাত্র ৩টি বাতিল করতে রাজি হয়েছে। পাশাপাশি, তারা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। গত ২৫ জুলাই থেকে জেপিএসসি-জেএসএসসি রিফর্ম মঞ্চের ব্যানারে এই আন্দোলন চলছে এবং ৬ জন ছাত্রনেতা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। মূলত ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং আগের বিভিন্ন নিয়োগ পরীক্ষার অনিয়মের প্রতিবাদেই শিক্ষার্থীরা এই বিক্ষোভে নেমেছেন। সূত্র : এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ