এনএসইউতে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ আগস্ট) : বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের উদ্যোগে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর সহযোগিতায় একটি সচেতনতামূলক সেমিনার সম্পন্ন হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Protect Your Lungs: A Seminar on Lung Cancer Awareness’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্তকরণ, সময়োপযোগী চিকিৎসা ও এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এ রোগ সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিয়ে জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখার জন্যই মূলত ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট, প্রজেক্ট ডিরেক্টর এবং বিশিষ্ট অনকোলজিস্ট ও স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডা. গোলাম মোহিউদ্দিন ফারুক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. কাজী মোস্তাক হোসেন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ডা. দীপক কুমার মিত্র। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইন শাহরিয়ার সেমিনারে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের মূল বক্তব্যে ফুসফুসের ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ, প্রধান ঝুঁকিপূর্ণ কারণসমূহ, প্রতিরোধমূলক কৌশল, রোগ নির্ণয় ও চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি এবং রোগীর চিকিৎসার ফলাফল উন্নয়নে প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
বিশেষজ্ঞদের প্রামাণ্য আলোচনার মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের তাত্ত্বিক শিক্ষা ও ক্লিনিক্যাল অভিজ্ঞতার মধ্যে একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়।
বিশেষজ্ঞদের দিকনির্দেশনামূলক এই আলোচনায় অংশগ্রহণকারীরা ফুসফুসের ক্যান্সারের জনস্বাস্থ্যগত ঝুঁকি এবং ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা চর্চা ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের অটল প্রতিশ্রুতির কথা আবারও প্রমাণ করল। সংবাদ বিজ্ঞপ্তি
মনোয়ারুল হক/
