মাতারবাড়িতে মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের সবচেয়ে বড় কয়েকটি উন্নয়ন উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল ১০টা ৫২ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি মহেশখালীর উদ্দেশে রওনা দেন। দায়িত্ব গ্রহণের পর এটিই মহেশখালীতে তার প্রথম সফর।
মাতারবাড়িতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর, ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রকল্পগুলোর বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত অবকাঠামোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি প্রকল্প এলাকার একটি স্থানে একটি নিম গাছের চারা রোপণ করেন।
পরে প্রধানমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে চলমান বহুমুখী উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য, মাতারবাড়ি ও মহেশখালীকে ঘিরে চলমান এসব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক হাবে পরিণত হবে। গভীর সমুদ্রবন্দর চালু হলে আন্তর্জাতিক বাণিজ্যে গতি আসার পাশাপাশি লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
মনোয়ারুল হক/
