মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৯ আগস্ট) : গভীর সমুদ্রবন্দরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়িতে অবতরণ করে।

হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে হেলিকপ্টার থেকে নামেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী এবং সেখান থেকে সকাল সোয়া ৯টায় বিশেষ হেলিকপ্টারে মাতারবাড়ির উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মহেশখালীতে পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম সরাসরি পরিদর্শন করবেন। এরপর সেখান থেকে তিনি সাম্প্রতিক বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শনে যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন।

সফরের বিস্তারিত কর্মসূচি অনুযায়ী, মাতারবাড়ির বিভিন্ন মেগাপ্রকল্প পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টায় তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর বিখ্যাত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

মাজার জিয়ারতের পর বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আরেকটি অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে।

দিনের শেষভাগে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের স্বনামধন্য ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে একটি বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

সকল নির্ধারিত কর্মসূচি সফলভাবে শেষ করে আজ রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ