ইতিহাস কখনো মিথ্যা হয় না, জুলাই গণঅভ্যুত্থান তারই প্রমাণ: সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ আগস্ট) : কোনো সংগ্রাম ও আত্মত্যাগ কখনোই বৃথা যায় না এবং ইতিহাস কখনো মিথ্যা হয় না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান হলো তারই সবচেয়ে উজ্জ্বল প্রমাণ।
বুধবার সকালে রাজধানীর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন যে, এই জাদুঘরটি দেশের দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল হিসেবে কাজ করবে।
নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘ প্রায় দুই দশকের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেরই চূড়ান্ত পরিণতি ছিল এই জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এর গভীরতা ও তাৎপর্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, কীভাবে একটি শাসকগোষ্ঠী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ওপর নিপীড়ন ও নির্যাতন চালিয়েছিল।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এর কার্যক্রম শুরু হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। এই জাদুঘরে নিয়মিত গবেষণার ব্যবস্থা থাকবে, যাতে নতুন প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন সম্পর্কে গভীরভাবে জানতে পারে। মাত্র ২০ দিনের আন্দোলনের মাধ্যমে কীভাবে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ধসে পড়তে পারে, জুলাই গণঅভ্যুত্থান তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে চিরজাগরুক রাখতে এই জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন নিতাই রায় চৌধুরী।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। অন্ধকার যুগের অবসান ঘটিয়ে যে নতুন নবজাগরণের সূচনা হয়েছে, তাকে চিরজাগরুক রাখার অঙ্গীকার নিয়েই আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
মনোয়ারুল হক/
