অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (বরিশাল), এবিসিনিউজবিডি, (৫ আগস্ট) : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ সকালে বরিশালের আমতলার মোড় এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে সকালে প্রথমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী। এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমেই ফ্যাসিবাদের পতন ঘটে এবং নতুন বাংলাদেশের সৃষ্টি হয়। এই বীর শহীদদের রক্তের সঠিক মর্যাদা প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই ছিল ছাত্র-জনতার মূল লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমেই অর্জিত গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শহীদদের স্বপ্নের একটি মানবিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন।
এদিকে দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত বীর যোদ্ধাদের সংবর্ধনা দেওয়ারও কর্মসূচি রয়েছে। দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জেলাজুড়ে দিবসটি পালন করা হচ্ছে।
মনোয়ারুল হক/
