ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ আগস্ট) : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আইনের সঠিক প্রক্রিয়া মেনে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপায়ে এই আন্দোলনের সময় ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।

তিনি উল্লেখ করেন, দেশে আইনের শাসন কায়েম করার স্বার্থেই প্রতিটি অপরাধের বিচার সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর ও জুলাই মাসের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিংবা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্মৃতি রক্ষার্থে নিজ নিজ এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ জাদুঘর যেন কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক মতামত প্রচারের মাধ্যম হয়ে না ওঠে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা বিশেষ দলের একচ্ছত্র নয়; এই ঐতিহাসিক অভ্যুত্থানের আসল নায়ক এ দেশের মুক্তিকামী সাধারণ জনগণ।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল মূলত স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল অর্জিত স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম। একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের দেশের মানুষ যেমন কখনো ভুলে যায়নি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথাও জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ