রাশিয়ান সেনাদের ক্ষতিপূরণ হাতিয়ে নিচ্ছে ‘ব্ল্যাক উইডো’ চক্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৫ আগস্ট) : ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের সরকারি ভাতার মোটা অঙ্কের অর্থ আত্মসাতে দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। তরুণ ও নতুন সেনাসদস্যদের প্রেমের ফাঁদে ফেলে বা কৌশলে বিয়ে করে এই অপরাধীরা। পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে ওই সেনাদের মৃত্যু হলে রাষ্ট্রের দেওয়া বিশাল অংকের আর্থিক ক্ষতিপূরণ হাতিয়ে নিচ্ছে এই চক্রের নারীরা, যাদের আন্তর্জাতিক গণমাধ্যম ও রুশ কর্মকর্তারা ‘ব্ল্যাক উইডো’ বা ‘কালো বিধবা’ বলে অভিহিত করছেন।
রুশ নীতি অনুযায়ী, যুদ্ধে কোনো সৈন্যের মৃত্যু হলে তার স্ত্রী বা নিকটাত্মীয় এককালীন কমপক্ষে ৫০ লাখ রুবল বা প্রায় ৬৪ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে পেয়ে থাকেন। তবে এই সহায়তাই এখন একা বা নিঃস্ব সেনাদের জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে।
অভিযোগ রয়েছে, ফ্রন্টে যাওয়ার আগমুহূর্তে কিংবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সময় এই নারীরা সেনাদের বিয়ে করেন। এরপর যুদ্ধে সৈন্যটির প্রাণহানি ঘটলে আইনি স্ত্রী হিসেবে তারা লাখ লাখ রুবল তুলে নেন, যার ফলে বঞ্চিত হন নিহতদের আসল অভিভাবক ও স্বজনেরা।
সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার বিচার গড়িয়েছে আদালত পর্যন্ত। যেমন, গত বছর এক সামরিক হাসপাতালের নার্সকে পাঁচজন আহত সেনাকে প্রলুব্ধ করে বিয়ের মাধ্যমে তাদের মৃত্যুর ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত করা হয়।
আরেকটি ঘটনায়, রিয়াজানের তরুণ সেনা গেওর্গি কস্তিরকো স্বল্প পরিচয়ে এক তরুণীকে বিয়ে করার অল্প কিছুদিন পরেই যুদ্ধে মারা যান। নতুন স্ত্রী সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবি তুললেও, পরিবারের আইনি লড়াইয়ের কারণে আদালত ওই নারীর স্ত্রী হিসেবে আইনি বৈধতা বাতিল করেন।
এই পুরো কেলেঙ্কারির সঙ্গে রুশ সামরিক বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশের তথ্যও প্রকাশ্যে এসেছে। অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তারা নিঃসঙ্গ সেনাদের ভুয়া বিয়ের বন্দোবস্ত করতেন এবং জেনেশুনে তাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্মুখ সমরে পাঠাতেন, যেন তাদের মৃত্যুর পর ক্ষতিপূরণের অর্থ নিজেদের মধ্যে ভাগাভাগি করা যায়। যুদ্ধের এই দুঃসময়ে দেশের অর্থনীতি ও সামাজিক সংকটের মধ্যে এমন প্রতারণা সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
ফলস্বরূপ, দেশটির আইনপ্রণেতারা এই চক্রটিকে গুরুতর অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং নিহত সেনাদের প্রকৃত পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। সূত্র: সিএনএন
মনোয়ারুল হক/
