জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ আগস্ট) : জুলাইয়ের শহিদদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম থামবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের শহিদ ও যোদ্ধাদের আমরা কেউ ভুলে যাইনি। বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে, তার পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
তিনি আরও বলেন, আপনারা লক্ষ করে থাকবেন, খুনি ও স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার একটি চক্রান্ত করছে বলে শোনা যাচ্ছে। যদিও এটি পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এবং এর কোনো আনুষ্ঠানিক আয়োজন নেই, তবুও গত কয়েক দিন ধরে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা লক্ষ করা গেছে।
প্রতিমন্ত্রী মনে করেন, এটি দীর্ঘমেয়াদি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদ সেই অর্থ পুনরায় বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার এবং ফিরে আসার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদ যদি কখনো বাংলাদেশে ফিরে আসার দুঃসাহস দেখায়, তবে তাদের এই গণহত্যার জন্য ঘোষিত ফাঁসির রায় কার্যকরের মাধ্যমেই দেশের রাজনীতি থেকে তাদের চিরতরে বিদায় করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বীরের জাতি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি এবং তার সফল প্রতিধ্বনি আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে। ছাত্র-জনতার কণ্ঠে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবি আবারও জোরালো হয়ে উঠেছিল। অন্যায়ের প্রতিবাদে তারা সকল ভয়ভীতি ও তাজা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রজন্ম থেকে প্রজন্মে কাজ করে যাব। দেশকে অস্থিতিশীল করে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে হুমকির মুখে ফেলার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা রাজপথে ছিলাম এবং জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এ ধরনের যেকোনো অপচেষ্টা ও চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবিলা করে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সরকার ও দেশপ্রেমিক জনতা কাজ করে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মনোয়ারুল হক/
