প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ আগস্ট) : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেই এ ঘটনার জেরে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

আজ বুধবার ভোর চারটার দিকে রাজধানীর ঢাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয় বলে ফেসবুকে নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তানভীরের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বিএনপি ও পুলিশ প্রশাসন তাদের ক্ষমতার অপব্যবহার করেছে।

সারজিস আলম তাঁর পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ ও সিলেটে ঘটিত কিছু হামলার ঘটনার জেরে তানভীর ফেসবুকে তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি বিতর্কিত পোস্ট করেছিলেন। তবে দলের পক্ষ থেকে আপত্তি ওঠার সঙ্গে সঙ্গেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পাশাপাশি, ফেসবুকে আরেকটি পোস্টের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়ে জানান যে ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না।

সারজিস আলম আরও লেখেন, ভুল বুঝতে পেরে এক ব্যক্তি পোস্ট ডিলিট করেছেন, ক্ষমা চেয়েছেন এবং দল থেকেও তাঁকে শোকজসহ সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এত কিছুর পরও বিএনপি ও তাদের অনুগত পুলিশ প্রশাসন যেভাবে দমনপীড়ন চালাল, তা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি নিজেরাও যে জুলুম ও নিপীড়নের শিকার হয়েছিল, ক্ষমতার পটপরিবর্তনের পর তারা আজ ঠিক একই চরিত্র ধারণ করেছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় সিলেটে ছাত্রদলের হামলায় গুরুতর আহত হয়ে ছাত্রশক্তি কর্মী আলিফের চোখ হারানোর মতো জঘন্য ঘটনার মূল অভিযুক্তদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ ও প্রশ্ন তোলেন এই এনসিপি নেতা।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং গুরুতর শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতি প্রদান করেছে এনসিপি।

গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশেই তানভীরকে তাঁর সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে দূরে রাখা হয়েছে।

ওই নোটিশে আরও বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা এবং প্রয়োজনীয় প্রমাণসহ আগামী দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির দপ্তরে জবাব দাখিল করতে হবে।

উল্লেখ্য, গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের (২০২৫ সালের) ২১ এপ্রিল সরকারি চাকরির নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই মুদ্রণের কাগজ ক্রয়ের কমিশন কেলেঙ্কারির গুরুতর অভিযোগ ওঠার পরেও তাঁকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে অবশ্য তিনি বিভিন্ন প্রক্রিয়ায় পুনরায় দলে ফিরে আসেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ