জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন সেপ্টেম্বরে : গৃহায়ন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ আগস্ট) : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের স্থায়ী আবাসন নিশ্চিত করতে আগামী সেপ্টেম্বর মাসে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি জানান, চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির আওতায় ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হবে এবং কাজ শুরুর পর সর্বোচ্চ তিন বছরের মধ্যে এর বাস্তবায়ন সম্পন্ন করা হবে।
ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে এই আবাসন ব্যবস্থা শহীদ ও আহতদের পরিবারের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি একে জাতির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার একটি প্রতীকী প্রকাশ বলে অভিহিত করেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে শহীদ ও আহতদের জন্য নিয়মিত ভাতা, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি তিনি নিজের জেলা পিরোজপুরে হতাহত পরিবারগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, জুলাই অভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ফসল। বিগত সরকারের সময় ভোটাধিকার হরণ, গুম, নির্যাতন এবং নানা অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল এই আন্দোলনে। সকলের সম্মিলিত অংশগ্রহণের ফলেই এই বিপ্লব সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জুলাই সনদ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার এই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে নৈতিক ও রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা থাকলেও সরকার তার মূল চেতনা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
গেজেটভুক্ত নিহত ও আহতদের তালিকা অনুযায়ী কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল আত্মত্যাগী পরিবারগুলোর দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সূত্র: বাসস
মনোয়ারুল হক/
