জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৫ আগস্ট) : চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে সংগ্রামের প্রকৃত ইতিহাস তুলে ধরতে রাজধানীতে গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করে এর দুয়ার সবার জন্য উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচনের পর সুরাহ ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, ঐতিহাসিক দলিলপত্র ও স্মারকগুলো ঘুরে দেখে জুলাই গণঅভ্যুত্থানের সামগ্রিক ইতিহাস সম্পর্কে অবহিত হন। উদ্বোধনী আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস ফুটিয়ে তোলা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করার পর, তাঁর সেই সময়ের বাসভবন গণভবনকে রূপান্তর করে এই স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। নানা জটিলতা পেরিয়ে অবশেষে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় মাইলফলক এই জাদুঘরটি জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের এক অনন্য স্মারক।
আজ উদ্বোধনের দিনটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত থাকলেও, আগামীকাল বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের প্রদর্শনের জন্য জাদুঘরটি পুরোপুরি উন্মুক্ত থাকবে।
মনোয়ারুল হক/
