অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চাই না—বিদ্যুৎ ও গ্যাস-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ আগস্ট) : দেশজুড়ে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং জনদুর্ভোগের বাস্তবতা অকপটে স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অজুহাত দেখিয়ে সরকার কখনোই নিজেদের দায়িত্ব এড়াতে চায় না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত ফ্যাসিবাদী সরকার জ্বালানি খাতকে নিজেদের পকেট ভারী করার মাধ্যম বানিয়ে এই খাতকে পুরোপুরি ধ্বংস করে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, লুটপাটের কারণে বিধ্বস্ত হওয়া এমন একটি গুরুত্বপূর্ণ খাতকে রাতারাতি পুনর্গঠন করা সময়সাপেক্ষ ব্যাপার, তবে সংকট উত্তরণে সরকার সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে মালয়েশিয়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানান সরকারপ্রধান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর একটি ভঙ্গুর অর্থনীতি, ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা এবং বিভাজিত প্রশাসনের মতো চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পাওয়া গেছে। তবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে এবং সংকট সমাধানে সরকার প্রতিটি চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছে।
আলোচনা সভায় জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত ও সফল গণআন্দোলন হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
এ সময় বিএনপি ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, জনগণ নির্বাচনে এই দাবির পক্ষে রায় দেওয়ায় এটি এখন আর কেবল কোনো দলের রূপরেখা নয়, বরং এটি সমগ্র জাতির রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফায় রূপ নিয়েছে, যার মূল লক্ষ্য হলো জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা।
মনোয়ারুল হক/
