ভবিষ্যতে ইংল্যান্ডের কোচ হতে চান স্টোকস
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ আগস্ট) : ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে কথা বলতে গিয়ে ৩৫ বছর বয়সী স্টোকস আরও বলেন, তার উত্তরসূরি হিসেবে হ্যারি ব্রুককে টেস্ট অধিনায়ক করা হয়নি দেখে তিনি বিস্মিত হয়েছেন। একই সঙ্গে জো রুটকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
২০২২ সাল থেকে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেওয়া স্টোকস গত জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট চলাকালেই তিনি সেই সিদ্ধান্ত জানান। এর কয়েক সপ্তাহ আগে লন্ডনের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া এক ঘটনার জেরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি এই অলরাউন্ডার।
স্টোকস জানান, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই তিনি কোচিংয়ের প্রস্তুতি শুরু করেছেন। তিনি বলেন, ‘আমি এখন লেভেল-থ্রি কোচিং কোর্স করছি। কারণ, আমি চাই যখন খেলোয়াড়ি জীবন শেষ হবে, তখন যেন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন থাকে। আমি ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই এবং কোচ হতে চাই। একদিন ইংল্যান্ডের কোচ হতে পারলে কি আমি খুশি হব।’
মনোয়ারুল হক/
