পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ আগস্ট) : দেড় দশকের দুঃশাসন, দুর্নীতি, গুম-খুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভেরই অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান।
জুলাই গণ-অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই মন্তব্য করেন।
তিনি স্মরণ করেন যে, ওই দিন নিরস্ত্র ছাত্র-জনতার অদম্য প্রতিরোধ এবং তীব্র গণরোষের মুখেই দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছিল এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল স্বৈরাচারী সরকার।
বাণীতে জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের এই অসীম সাহস ও আত্মত্যাগ জাতির হৃদয়ে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ছাত্র-জনতার ওপর চালানো নৃশংস হত্যাকাণ্ড কীভাবে সর্বব্যাপী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল, তা স্মরণ করে তিনি জানান যে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছিল। ফলে মানুষের মনে তুষের আগুনের মতো জ্বলতে থাকা ক্ষোভ চূড়ান্ত বিস্ফোরণ ঘটিয়েছিল।
জনগণই সকল ক্ষমতার উৎস—এই সত্য গণ-অভ্যুত্থানের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে যেখানে ফ্যাসিবাদ বা উগ্রপন্থার কোনো স্থান থাকবে না। সুশাসন, ন্যায়বিচার, জবাবদিহি এবং মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জুলাইয়ের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দ্রুত পুনর্বাসন ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পরিশেষে, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ।
মনোয়ারুল হক/
