আরও ২ মামলায় জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ আগস্ট) : আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিএনপি নেতাকর্মীদের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি নতুন মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন এবং আগামী ১০ আগস্ট তাঁদের ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য করেন। বর্তমানে এই দুই সাবেক কর্মকর্তা অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন।
প্রসিকিউশন সূত্র জানায়, ২০১৩ সালে লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। একই বছরের কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের গুম হওয়ার ঘটনার সঙ্গেও এই দুই কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। বর্তমানে চাঞ্চল্যকর এই ঘটনা দুটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মনোয়ারুল হক/
