জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ আগস্ট) : আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে চার স্তরের ব্যাপক ও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কোনো উগ্রবাদী চক্র, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্রবিরোধী কোনো মহল যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার পেট্রোলিং সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।
মঙ্গলবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপরাধ দমনে র্যাব সবসময় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলমান নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং একটি নিরাপদ সমাজ গঠনে বাহিনীটি নিরলসভাবে কাজ করছে।
আসন্ন দিবসটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চুলচেরা বিশ্লেষণ করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে এবং আগাম তথ্য সংগ্রহে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। বিশেষ করে অনুষ্ঠানস্থল, নির্ধারিত রোডমার্চ বা পদযাত্রার রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলো ঘিরে গত ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্মধারী নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের গোপন তৎপরতা বা নাশকতার চেষ্টা রুখে দিতে নেওয়া হয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থা। শুধু ৫ আগস্ট নয়, বরং দিবসটিকে কেন্দ্র করে প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে গত সাত দিন ধরেই গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য বা অপপ্রচার রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তির শেষাংশে র্যাবের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে, অপরাধ প্রবণতা রোধ করতে এবং যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কঠোরহস্তে আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে এলিট ফোর্স র্যাব।
মনোয়ারুল হক/
