রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ আগস্ট) : রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২৫ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার।

সোমবার (৩ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল। এছাড়া বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অস্ট্রেলিয়ার এই অর্থায়ন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে বাস্তবায়িত হবে। এই তহবিলের অর্থ জরুরি খাদ্য সরবরাহ, সুপেয় পানি, নিরাপত্তা ও আবাসন ব্যবস্থার পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যয় করা হবে। বিশেষ করে নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ সুরক্ষাকে এই কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বহু-বছর মেয়াদি এই তহবিলের ফলে দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি সেবাগুলো আরও নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হবে।

উল্লেখ্য, রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বৃহত্তর মানবিক সহায়তার প্যাকেজের অংশ হলো এই অনুদান। ২০১৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত রোহিঙ্গা সংকট নিরসনে অস্ট্রেলিয়া মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্রদান করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল উল্লেখ করেন যে, বাংলাদেশ ও মিয়ানমারের মানবিক সংকটে দেওয়া এই সহায়তা তাদের দেশের বিশ্বব্যাপী পরিচালিত সবচেয়ে বড় মানবিক কার্যক্রম। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া ভবিষ্যতেও অবিচলভাবে পাশে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ