মিডিয়ার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ আগস্ট) : সংবাদমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ আগস্ট) সকালে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিএনপির মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল বা গ্রুপিং নেই; বরং সাংবাদিকদের নিজেদের পেশাগত বিভাজনের কারণেই একে অন্যকে হটিয়ে দেওয়ার অস্বাস্থ্যকর প্রবণতা তৈরি হচ্ছে। এ সময় তিনি গণমাধ্যমগুলোতে দলীয় বা ব্যক্তিগত বিবেচনার ঊর্ধ্বে উঠে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

একই অনুষ্ঠানে আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এই সনদ বাস্তবায়নের লক্ষে ইতোমধ্যেই একটি সুনির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তবে সনদটি সংস্কার করা হবে নাকি কেবল সংশোধন করা হবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্নমতের সৃষ্টি হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এসব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বাইরে সমালোচনার ঝড় না তুলে বরং পবিত্র জাতীয় সংসদেই আলোচনা করা উচিত।

বিরোধী দলগুলোর বর্তমান আচার-আচরণকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আচরণের সাথে তুলনা করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট করেন যে, এই রাজনৈতিক বাকবিতণ্ডা যেন কোনোভাবেই অনভিপ্রেত সংঘাতে রূপ না নেয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান যে, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি মনে করিয়ে দেন যে, সংবিধান ও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রেখেই জাতীয় সংসদের মাধ্যমে এসব সংস্কার বা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দীর্ঘ সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন গণতান্ত্রিক ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু অবশ্যই সংসদ হতে হবে উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, সংসদের বাইরে অযাচিত রাজনৈতিক চর্চা ও বক্তব্য দেওয়া হচ্ছে, যা বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে কখনোই কোনো ব্যক্তি বা গোষ্ঠীগত সংকীর্ণ স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একটি সুদৃঢ় জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার কার্যকর সংসদীয় গণতন্ত্র ও রাজনীতিতে সব রাজনৈতিক দলের আন্তরিক সহযোগিতা চায় এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দেশবাসীর সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ