বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ আগস্ট) : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে জামিন পাওয়ার বিষয়ে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে গণমাধ্যমকে তিনি জানান, আমিরাতের আদালতে বেনজীরের জামিন মঞ্জুর হওয়ার খবর পাওয়ার পরপরই তা বাতিলের জন্য সেখানে নিযুক্ত ল’ ফার্ম ও সংশ্লিষ্ট আদালতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি, আদালতের রায়ের সার্টিফাইড কপি পেতে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি—উভয় মাধ্যমেই প্রচেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন যে, তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে।

সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচ এবং আশুলিয়ায় উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুগুলো পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে নিষ্ক্রিয় করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই কোনো মহল এসব ঘটনার পেছনে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনা দুটির কোনো সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং দেশবাসীর সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

আসন্ন ৫ আগস্টের কর্মসূচি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত ও মাফিয়া চক্র হিসেবে চিহ্নিত দলটির বর্তমানে বড় ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা নেই। তা সত্ত্বেও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পুলিশ বাহিনীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো উগ্রবাদী তৎপরতা কঠোরভাবে মনিটর করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ