বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ আগস্ট) : নিয়মিত ও নিরাপদ অভিবাসনের সুযোগ প্রসারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে অংশীদারিত্ব আরও দৃঢ় করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএমের অপারেশনস বিষয়ক উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে আইওএমের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইওরি কাটো এবং বিশেষ উপদেষ্টা প্রিয়া মারওয়াহসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনাকালে দেশের সার্বিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে আইওএমের দীর্ঘদিনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। নিরাপদ অভিবাসনের বৈশ্বিক চুক্তি বা জিসিএম চ্যাম্পিয়ন দেশের অবস্থান থেকে তিনি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে, জিসিএম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান এই লক্ষ্য অর্জনে একটি কার্যকর কর্মপরিকল্পনা হিসেবে কাজ করবে। এ সময় অবৈধ অভিবাসন কঠোরভাবে প্রতিরোধ করা, নৈতিকভাবে কর্মী নিয়োগ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সম্ভাব্য অভিবাসীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈশ্বিক শ্রমবাজারের নতুন চাহিদা বিবেচনায় নিয়ে স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং এবং কৃষি খাতে দক্ষ কর্মী প্রেরণে মেধা অংশীদারিত্ব বাড়ানোর জন্য আইওএমের সহায়তা কামনা করেন শামা ওবায়েদ। পাশাপাশি নারী শ্রমিকসহ সব অভিবাসীর অধিকার রক্ষা, সংকটময় পরিস্থিতি থেকে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন ও মানব পাচার রোধে আইওএমের অব্যাহত সহযোগিতা চান তিনি।

এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য আইওএমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর এই দূরদর্শী প্রস্তাব ও উদ্যোগের আন্তরিক প্রশংসা করেন আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। বৈশ্বিক পর্যায়ে নিরাপদ ও শৃঙ্খলিত অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার উচ্চ প্রশংসা করে তিনি টেকসই অভিবাসন প্রক্রিয়া শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ