জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ আগস্ট) : রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস এবং বিভিন্ন সরকারি সভায় জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে কঠোর নির্দেশিকা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ৩০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র ও চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরে পাঠানো এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো সরকারি আয়োজনে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকার সঠিক প্রয়োগ ঘটানো। একই সঙ্গে নির্দেশনাটি যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবসহ মোট ১১টি দপ্তরে অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এই নির্দেশনার বাস্তবায়নের মধ্য দিয়ে জেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে জেলা পরিষদের শীর্ষ প্রতিনিধিরা তাদের নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল ও সম্মান নির্বিঘ্নে লাভ করবেন।
মনোয়ারুল হক/
