সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
নিউজ ডেস্ক, আলোকিত সময়, ঢাকা (৩ আগস্ট) : সরকারি দপ্তরের দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহারে আরও বেশি সতর্কতা ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এই চিঠিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান সময়ে সরকারি বিভিন্ন দপ্তরে দাপ্তরিক কাজকর্মে এআই প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়লেও, সামান্য অসতর্কতায় সরকারের সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ পাওয়ার বা তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এই সাইবার ও তথ্য সুরক্ষার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে এসব টুল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিভিন্ন বিধি-বিধান এবং সরকারের জারি করা অন্যান্য নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। মূলত প্রযুক্তির সর্বোচ্চ সুফল ভোগ করার পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অটুট রাখাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোয়ারুল হক/
