নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ওপেনএআইয়ের ৫ কোম্পানিতে সাইবার হামলা

আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ জুলাই) : নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের সাইবার হামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

সম্প্রতি এক অভ্যন্তরীণ তদন্ত শেষে প্রকাশিত ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’সহ মোট পাঁচটি কোম্পানিতে হামলা চালিয়েছিল তাদের একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট।

এসব কোম্পানির লগইন তথ্য অনলাইনে খুঁজে পেয়েছিল এজেন্টটি। পরে সেগুলো ব্যবহার করে প্রবেশাধিকার নেয়।

ওপেনএআইয়ের ব্লগে নতুন চারটি কোম্পানির নাম প্রকাশ করা হয়নি। তবে ধরন হিসেবে ‘সর্বসাধারণের জন্য উন্মুক্ত পরিষেবা’র কথা উল্লেখ করা হয়েছে। ২১ জুলাই হাগিং ফেসে যখন হামলার ঘটনা ঘটে তখনই এসব কোম্পানি আক্রান্ত হয়েছিল।

চ্যাটবট ও ইমেজ জেনারেটরের মতো টুলের ভিত্তি হিসেবে কাজ করা মডেলগুলো যখন স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করে, তখন সেটিকে এআই এজেন্ট বলা হয়। এই উন্নত প্রযুক্তিটি বর্তমানে সাইবার নিরাপত্তা ঝুঁকিকে নতুন করে আলোচনায় এনেছে।

মানুষের পক্ষে এখনও বিভিন্ন সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করা সম্ভব হয়নি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, উন্নত এজেন্টগুলো মানুষের আগেই ত্রুটি খুঁজে বের করে হামলা করতে পারে। হ্যাকের দিকে গড়ানো ঘটনাগুলোর তদন্ত করে ওপেনএআই জানিয়েছে, তাদের প্রাপ্ত তথ্য দেখাছে, এআই মডেলগুলো অনলাইনে অরক্ষিত অবস্থায় থাকা লগইন তথ্য পেয়েছিল। পরে সেগুলোর সাহায্যে অন্য কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে।

গত সপ্তাহে হাগিং ফেসে হামলার ঘটনার পর ওপেনএআই জানিয়েছিল, পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় এজেন্টটি পরিচালনাকারী মডেলগুলো তাদের নির্ধারিত কৃত্রিম সীমানা ভেঙে বেরিয়ে যায়। এরপর ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে হাগিং ফেসে অনুপ্রবেশ করে।

প্রতিষ্ঠানটি তাদের ব্লগে লিখেছে, ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হামলার ঘটনার পর বড় ধরনের কোনো প্রভাব পড়ার নমুনা পাওয়া যায়নি। একটি সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেছেন, এসব ঘটনার পর অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা স্থগিত রাখা হয়েছে। নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত আর কোনো পরীক্ষা হবে না।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ