বর্ষার আর্দ্রতায় ত্বকের যত্ন: ঘরেই তৈরি করুন উপযোগী প্যাক

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ জুলাই) : বর্ষাকালে আবহাওয়ার অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাবের কারণে ত্বকে তেল চিটচিটে ভাব এবং ব্যাকটেরিয়ার উপদ্রব বহুগুণ বেড়ে যায়, যা নানা ধরনের ত্বকের সমস্যার সৃষ্টি করে। তাই এই সময়ে ত্বককে সতেজ, ঝকঝকে ও উজ্জ্বল রাখতে চাই বিশেষ যত্ন। এর জন্য বাজারে গিয়ে চড়া মূল্যের কোনো প্রসাধন বা রেডিমেড প্যাক কেনার প্রয়োজন নেই; বরং রান্নাঘর বা ঘরের আশপাশে থাকা প্রাকৃতিক উপাদানের মাধ্যমেই সহজেই তৈরি করে নেওয়া যায় ত্বকবান্ধব কার্যকর প্যাক। নিয়মিত ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি হালকা ময়শ্চারাইজার, সানস্ক্রিন ব্যবহার এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখার পাশাপাশি বর্ষার এই বিশেষ প্যাকগুলো ত্বককে সুরক্ষিত রাখতে দারুণ ভূমিকা রাখে।

চিনি লেবুর মিশ্রণ

রান্নাঘরে খুব সহজে এই দুটি উপাদান পাওয়া যায়। লেবুতে প্রচুর ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে, যা ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে। চিনি হলো এক প্রাকৃতিক এক্সফোলিয়েটর, যা ট্যান দূর করে ত্বক মোলায়েম ও উজ্জ্বল করে তোলে। একটা পাত্রে প্রথমে ১ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ লেবুর রস নিন। মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট স্ক্রাব করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা, হলুদ মধুর প্যাক

অ্যালোভেরায় অ্যালোসিন রয়েছে, যা ত্বক ঠান্ডা রাখে। হলুদের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক ত্বকের প্রদাহ রোধ করতে সাহায্য করে। এর জন্য ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ মধু, ১ চা-চামচ হলুদগুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এই পেস্ট মুখে, হাতে বা গলায় ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এর ব্যবহার ট্যান দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে।

টমেটোর প্যাক

টমেটো অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি গরমে ত্বক মসৃণ করে এবং ট্যান দূর করতে সহায়ক। একটা পাকা টমেটো ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে অবশিষ্ট পাল্প মুখ ও হাতে মেখে নিন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখবেন, ট্যান ত্বক থেকে খুব সহজে বিদায় নিচ্ছে।

মুলতানি মাটির প্যাক

মুলতানি মাটিকে প্রাকৃতিক স্ক্রাবার ও ক্লিনজার হিসেবেও ব্যবহার করা হয়। মুলতানি মাটির সঙ্গে টক দই ও গোলাপজল মিশিয়ে নিন। ত্বক শুষ্ক হলে মধুও মিশিয়ে নিতে পারেন। এবার সূর্যের আলোয় ত্বকে যে কালো দাগ ছোপ হয়েছে, তাতে লাগান। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। অতিরিক্ত সিবাম উৎপাদন বন্ধ করে এই ফেসপ্যাক। ফলে ব্রণের সমস্যার জন্যও মুলতানি মাটি ব্যবহার করতে পারেন।

চন্দন ফেসপ্যাক

চন্দনের অন্যতম বৈশিষ্ট্য, এটি ত্বক ঠান্ডা রাখে। রোদ থেকে ফিরে এটি ব্যবহারে ত্বক শুধু উজ্জ্বল হয় না, আরামও পায়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কথা সবার জানা। শুধু গোলাপজলের সঙ্গে চন্দনবাটা মিশিয়েও ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ভালো অরগানিক চন্দন ব্যবহার করা। এ ছাড়া মিহি করে বাটা আমন্ডের সঙ্গে চন্দনবাটা ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে গোসলের আগে সারা শরীরে মাখুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানিতে গোসল করে নিন।

জাফরান

ফেসপ্যাক তৈরিতে জাফরান ব্যবহার করতে পারেন। দুধের সরের সঙ্গে জাফরান মিশিয়ে সারা রাত রেখে সকালে উঠে মুখ, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত দু-তিনবার করতে পারলে ত্বকে ট্যানের চিহ্ন থাকবে না।

পাশাপাশি সিটিএম ঠিক রাখা চাই

ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিংয়ের সঠিক নিয়মকে বলা হয় সিটিএম। বর্ষাকালে দিনে অন্তত ২ বার কোনো মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের অতিরিক্ত তেল ও ধুলোবালি দূর করবে। মুখ ধোয়ার পর অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করুন। প্রাকৃতিক টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করতে পারেন। এটি ত্বকের রোমকূপ ছোট রাখতে সাহায্য করে। বর্ষায় ভারী ক্রিম এড়িয়ে চলুন। এর বদলে জেল-বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন। যাতে ত্বক চিটচিটে না হয়ে ভেতর থেকে আর্দ্র থাকে।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ