২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩০ জুলাই) : দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলতি ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায় বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সরকারি বন্ধ কারখানাগুলো দ্রুত সচল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ, সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটিয়ে কর্মপ্রক্রিয়ায় গতি আনা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদনমুখী ধারা ফিরিয়ে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সামগ্রিক বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাসমূহের শীর্ষস্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মনোয়ারুল হক/
