গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১ নভেম্বর): ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ি এলাকার একটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে কোনাবাড়িতে শ্রমিক ও পুলিশের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ শ্রমিকদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে কোনাবাড়িতে অবস্থিত ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ শ্রমিকরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, রবিবার সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দেন। প্রথমে পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সদস্যদের বিশ্রামের জন্য মূলত বক্সটি ব্যবহার করা হতো এবং সেখানে কোনো মূল্যবান জিনিসপত্র ছিল না। তবে ভেতরের আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে।

এদিকে শফিপুর, মৌচাক এবং পল্লী বিদ্যুৎ এলাকায় সকাল থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে এসব সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শ্রমিকরা নির্ধারিত কারখানায় যোগ দিলেও পরে কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। এই আন্দোলনের জেরে আশেপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। হাজার হাজার শ্রমিক হাতে লাঠিসোঁটা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

এ বিষয়ে গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ