সিইআইজেডে বিনিয়োগ ১ বিলিয়ন ডলার ছাড়াবে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৭ জুলাই) : চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) অবকাঠামোগত উন্নয়নসহ মোট বিনিয়োগ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) সিইআইজেডের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান যে, দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে এই প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। পাশাপাশি, এর মাধ্যমে দেশের এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে এখানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন হিসাব করলে তা ১ বিলিয়ন ডলারের ওপরে যাবে। এর ইতিবাচক প্রভাব শুধু আনোয়ারায় নয়, পুরো অঞ্চলের অর্থনীতিতে পড়বে এবং একটি শক্তিশালী সাপ্লাই চেইন গড়ে উঠবে।’

ব্যবসায়িক পরিবেশ সহজ করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষিত ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ বা এক দরজায় সব সেবা চালুর বিষয়টি এবার বাস্তবায়ন করা হচ্ছে। বিনিয়োগ সহজ করতে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে বাজেটে নিয়ন্ত্রণমুক্তকরণের (ডিরেগুলেশন) ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন সহজে নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার প্রক্রিয়াও অত্যন্ত সহজ করা হচ্ছে।

চীনা বিনিয়োগকারীদের দেশের শেয়ারবাজারে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উচ্চ সুদে ব্যাংক ঋণ না নিয়ে আপনারা আমাদের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারেন। দেশের পুঁজিবাজারকে সম্পূর্ণ পুনর্গঠন করা হচ্ছে এবং এর গতি এখন ঊর্ধ্বমুখী।’

একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরিতে চট্টগ্রামে একটি বিশেষ দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য চীনের রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান তিনি।

শিল্পায়নের পাশাপাশি পরিবেশ রক্ষা ও শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। এ প্রকল্পে শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রশংসনীয়। আমরা এখন সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সরওয়ার জামাল নিজাম, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক এবং এমএম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ