দুই সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ জুলাই) : ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি এবং দেশীয় গ্যাস উৎপাদন হ্রাসের কারণে দেশজুড়ে চলমান তীব্র গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)-এর উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা জানান।

বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের নীতিনির্ধারকেরা অংশ নেন।

মন্ত্রী জানান, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান টার্মিনালে গত ২১ জুলাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টার্মিনালটি দ্রুত বন্ধ করতে গিয়ে এর বয়লার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দুটি এলএনজি কার্গো খালাস করা সম্ভব হচ্ছে না। এই বিভ্রাটের কারণে রান্নাঘরে গ্যাসের চাপ কমার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র পরিচালনাও ব্যাহত হচ্ছে। বর্তমানে এফএসআরইউ মেরামতের জন্য বিদেশ থেকে প্রকৌশলী আনা হয়েছে।

বর্তমানে দেশে প্রতিশ্রুত গ্রাহকদের দৈনিক চাহিদা প্রায় ৫৫০০ মিলিয়ন ঘনফুট হলেও, বাস্তবে ৪০০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে আগে ২৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। কিন্তু একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ কমে বর্তমানে ২১৪৫ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। পাশাপাশি, দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে মজুদ কমে যাওয়ায় উৎপাদন ২৮০০ মিলিয়ন থেকে কমে বর্তমানে ১৬৪৫ মিলিয়ন ঘনফুটে ঠেকেছে। ঘাটতি মোকাবিলায় ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু হলেও, বিশ্ববাজারে জীবাশ্ম জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এবং গত ছয় মাসে প্রায় ৩ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। দুটি এফএসআরইউ-এর মাধ্যমে সর্বোচ্চ ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হলেও একটি বন্ধ থাকায় প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে।

আমদানি নির্ভরতা এবং নতুন টার্মিনাল ও পাইপলাইন স্থাপন সময়সাপেক্ষ হওয়ায় আসন্ন ২০২৭ ও ২০২৮ সালে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এই সংকট উত্তরণে গৃহীত উদ্যোগগুলোতে প্রয়োজনীয় গতি এখনও দৃশ্যমান নয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ