কৌশলগত ভুলে স্বপ্নভঙ্গ, দায় স্বীকার করে যা বললেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ জুলাই) : স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে ফ্রান্সের। ডেল্লাসে অনুষ্ঠিত সেমিফাইনালের এই মহারণে স্প্যানিশদের চেনা ছন্দের সামনে দাঁড়াতেই পারেনি ‘লে ব্লুজ’রা। ম্যাচ শেষে দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনে নিজেদের কৌশলগত ও টেকনিক্যাল ব্যর্থতাকে সরাসরি দায়ী করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

পরাজয়ের পর ফরাসি গণমাধ্যম এমসিক্স-এর মুখোমুখি হয়ে এমবাপ্পে অকপটে স্বীকার করেন, পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে না পারাই তাদের বিদায়ের মূল কারণ। তিনি বলেন, “আমরা যেভাবে ম্যাচটি খেলতে চেয়েছিলাম, মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন ঘটাতে পারিনি। কৌশলগত পরিকল্পনা থেকে শুরু করে টেকনিক্যাল জায়গা—কোনো বিভাগেই আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি।” এমবাপ্পের মতে, বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে জেতার জন্য যে ধরনের মরিয়া পারফরম্যান্সের প্রয়োজন ছিল, তা দেখাতে ব্যর্থ হয়েছে তার দল। প্রতিপক্ষকে শুরুতেই চেপে ধরার যে ছক তারা কষেছিলেন, সেটি মাঠে খাটেনি।

এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে একাই করেছিলেন আট গোল, যার ওপর ভর করে সেমিফাইনালে পা রাখে ফ্রান্স। তবে শেষ চারে স্পেনের ইস্পাতকঠিন রক্ষণ ও মাঝমাঠের আধিপত্যের সামনে নিষ্ক্রিয় থাকতে হয়েছে তাকে। দলের এই হারের পেছনে বিশেষ করে মধ্যমাঠের দুর্বলতাকে চিহ্নিত করেছেন ফরাসি অধিনায়ক। দানি ওলমো, রদ্রি ও ফাবিয়ান রুইসের গড়া স্প্যানিশ মাঝমাঠের ত্রয়ীর বিপক্ষে আদ্রিয়েন রাবিও ও অরেলিয়েন চুয়ামেনিরা বারবার অসহায় হয়ে পড়েন উল্লেখ করে এমবাপ্পে জানান, মাঠের মাঝখানে সংখ্যাগতভাবে তারা পিছিয়ে পড়েছিলেন। আর স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সামান্যতম ভুলগুলোই শেষ পর্যন্ত ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ