দীপিকা-রণবীরের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ অক্টোবর): মা-বাবা হওয়ার আনন্দের রেশ না কাটতেই বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি ভক্তদের সঙ্গে নতুন এক সুসংবাদ ভাগ করে নিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে আসা দ্বিতীয় কন্যাসন্তানের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছেন এই জনপ্রিয় জুটি। ইনস্টাগ্রামে একটি মনোমুগ্ধকর পারিবারিক ছবি পোস্ট করে তারা নবজাতকের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্মের সুখবরটি সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সে সময় ছোট্ট শিশুর পায়ের পাতার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছিল, ‘স্বাগত ফুটফুটে রাজকন্যা!’ সেই পোস্টের নিচে নাম ছিল বড় মেয়ে দুয়া, দীপিকা এবং রণবীরের। ঠিক এক মাস পূর্ণ হওয়ার পর এবার ছোটকন্যার নাম প্রকাশ্যে আনলেন তারা। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই পারিবারিক ছবিতে তারকা দম্পতির পাশাপাশি তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংকেও দেখা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নিয়েছিল দীপিকা-রণবীরের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং। এরপর গত মাসে দ্বিতীয় কন্যাসন্তানের আগমনের মাধ্যমে তাদের পরিবারে যুক্ত হলো এক নতুন ও সুন্দর অধ্যায়। ছোটকন্যার নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভানুধ্যায়ী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই জনপ্রিয় তারকা জুটি।
মনোয়ারুল হক/
