দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ জুলাই) : দেশের তরুণ প্রজন্মকে যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি স্পষ্ট করেছেন যে—একটি উৎপাদনশীল, বৈষম্যহীন, আত্মনির্ভরশীল ও প্রযুক্তি-বান্ধব বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দক্ষতা উন্নয়নকে জাতীয় অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করছে সরকার। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি এবং আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বিশেষ বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৫ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতিবছরের মতো এবারও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও পেশাগত দক্ষতা বিকশিত করতে পারলে শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন ত্বরান্বিত হবে, তেমনি বিশ্ব শ্রমবাজারেও বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের তরুণদের উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের যে সুদূরপ্রসারী রূপরেখা ও কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, বর্তমান সরকার তাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনা করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা অর্জনে বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশনের মতো উদীয়মান প্রযুক্তির বিপ্লব যেমন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে, তেমনি খুলে দিচ্ছে অফুরন্ত সম্ভাবনার দ্বার। এই বাস্তবতাকে সামনে রেখে দেশের সামগ্রিক দক্ষতা উন্নয়ন কাঠামোকে আন্তর্জাতিক মানের করার কাজ চলছে। এ লক্ষ্যে এনএসডিএ দক্ষতার মানোন্নয়ন, অভিন্ন সনদায়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা প্রতিযোগিতার আয়োজনসহ একটি সময়োপযোগী ‘জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম’ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, পুনঃদক্ষতা (Reskilling) এবং দক্ষতা নবায়নের (Upskilling) মাধ্যমে পরিবর্তিত আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করতে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। আর এর হাত ধরেই ত্বরান্বিত হবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ