বডি ডাবল ছাড়াই ২০ ঘণ্টা পানির নিচে রাশমিকার অ্যাকশন শুটিং

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ জুলাই) : পর্দায় নিজেকে ভাঙা-গড়ার খেলায় বরাবরই পারদর্শী দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। এবার তিনি হাত দিলেন ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ কাজে। তাঁর আসন্ন বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্র ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই পানির নিচে একটি দীর্ঘ ও জটিল মারপিটের দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্টদের দাবি, ভারতীয় সিনেমার ইতিহাসে কোনো নারী চরিত্রের ওপর ভিত্তি করে এত বড় পরিসরে পানির নিচের অ্যাকশন সিকোয়েন্স এর আগে কখনো নির্মিত হয়নি। মূলত রোমান্টিক ও পারিবারিক ঘরানার সিনেমার জন্য পরিচিত রাশমিকাকে এই ছবিতে সম্পূর্ণ নতুন রূপে একজন যোদ্ধার ভূমিকায় দেখা যাবে, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।

সিনেমার গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড়টি ফুটিয়ে তুলতে নির্মাতারা কয়েক মাস ধরে আধুনিক প্রযুক্তি ও বিশেষ স্টান্ট কোরিওগ্রাফির পরিকল্পনা করেছিলেন। পর্দায় বাস্তবসম্মত আবহ তৈরি করতে রাশমিকাকে কঠোর প্রশিক্ষণও নিতে হয়েছে। টানা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এবং ভারী পোশাক পরেই জটিল সব অ্যাকশন স্টান্ট নিজেই সম্পন্ন করেন তিনি। এই শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশমিকা জানান, এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল এবং এই চ্যালেঞ্জিং ‘পাগলামি’ তাঁকে দারুণভাবে রোমাঞ্চিত করেছে।

প্রযোজনা সংস্থার বিশ্বাস, ‘মাইসা’ ছবির এই অভাবনীয় দৃশ্যটি ভারতীয় অ্যাকশন সিনেমার ক্ষেত্রে নতুন এক মানদণ্ড স্থাপন করবে। উল্লেখ্য, বর্তমান সময়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি বলিউডের ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হওয়ার পাশাপাশি বর্তমানে তিনি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রনাবালি’র কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ